দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হারলেও দুই ম্যাচের সিরিজ থেকে ‘অনেক বড়’ প্রাপ্তি দেখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমাদের কিছু প্লেয়ার আছে, যারা অন্যান্য টপ ক্লাস প্লেয়ারদের মুখে মুখে বা দাঁড়িয়ে থেকে চ্যালেঞ্জ নিতে পারে। এটা অনেক বড় প্রাপ্তি।’
বাংলাদেশ মিরপুর টেস্টে ২০ রানে হারায় অস্ট্রেলিয়াকে। টেস্টে অজিদের বিপক্ষে সেটিই ছিল প্রথম জয়। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
বাংলাদেশ দলের অনেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ওয়ানডে খেললেও টেস্টে প্রথমবার মাঠে নামেন। তাদের মধ্যে মুশফিক একজন।
‘আমি প্রথমবার অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলেছি। আমরা জানতাম তারা শুধু ব্যাট-বলে না, শারীরিক ভাষায়ও কথা বলে। আমরাও চেষ্টা করেছি ওটার সাথে খাপ খাইয়ে চলার।’ -বলেন মুশফিক।
প্রথম টেস্টের কথা স্মরণ করে মুশফিক আরও বলেন, ‘আমার মনে হয় প্রথম টেস্টে আমরা খুবই অসাধারণ করেছি। বোলার বলেন, ব্যাটসম্যান বলেন, সবাই চেষ্টা করেছে ওদের সাথে খাপ খাইয়ে থাকার। ৫-৭ বছর আগের সঙ্গে এটাই আমাদের পার্থক্য।’
ছবি: সাকিব উল ইসলাম।









