সেপ্টেম্বর অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মাঝেই বৃহষ্পতিবার ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াডের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ সফর করে যাওয়া ইসিবি’র তিন নিরাপত্তা পর্যবেক্ষক।
বৃহষ্পতিবারের সভায় ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল তাদের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ও মতামত ক্রিকেটারদের জানাবেন। বৈঠকে ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও উপস্থিত থাকবেন।
এদিকে ইংলিশ ওয়ানডে দলের অধিনায়ক ইয়ুয়েন মরগ্যান ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সফরের জন্য কোনো ইংলিশ ক্রিকেটারের উপর বাধ্যবাধকতা থাকছে না। সফরে অর্ন্তভূক্ত হওয়ার ব্যাপারটা একান্তই তাদের নিজস্ব পছন্দের।
সফরের প্রথম পর্বে হোস্ট বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। নিরাপত্তা পর্যবেক্ষক দলের সুপারিশ পেশের পর আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের ব্যপারে চূড়ান্ত সিদ্বান্ত জানানোর কথা ইংলিশ এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের।









