বন্ধুদের সাথে রাতে ঘুরতে না যাওয়ায় পরিবারসহ হামলার শিকার হয়েছেন ভারতীয় এক শিক্ষার্থী। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে বেঙ্গলুরুতে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ওই রাতে বন্ধুরা আদিত্য নামের এক যুবককে ঘুরতে যাওয়ার কথা বলেন। কিন্তু আদিত্য ঘুরতে বের না হয়ে পড়তে বসবে বলে জনিয়ে দেন। এতে মেজাজ হারিয়ে বসেন বন্ধুরা। তার উপর আক্রমণ করে বসেন। এক পর্যায়ে রাস্তা থেকে বাসায় ঢুকলেও রেহায় পাননি আদিত্য।
আদিত্য বাসায় ঢুকলে তার পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। এসময় তার বন্ধুরা পরিবারের অন্য সদস্যদেরও আক্রমণ করেন। এক পর্যায়ে আদিত্যর বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। তারাই পরে পুলিশে খবর দেন। পুলিশ আসতেই হামলাকারীরা পালিয়ে যান।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদিত্যর অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্য একজন এখনো পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশ।









