মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রথম দুই আসরে কোয়ার্টার ফাইনালে খেলেছিল ডেনমার্ক। সবশেষ তিন আসরে বাছাইপর্বের বাধাই পেরোতে পারেনি। এবারের টুর্নামেন্টে এসে পায় নকআউট পর্বের টিকিট। শেষ ষোলোতে এসে থেমেছে যাত্রা। ডেনিশদের বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ আটে পা দিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার সিডনিতে হওয়া ম্যাচের পাল্টা আক্রমণ থেকে মেরি ফাউলারের বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন ক্যাটলিন ফোর্ড। বিরতির পর এমিলি ফন এগমন্ডের অ্যাসিস্টে পাওয়া বলে ডান পায়ে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন হেইলি রাসো।
মঙ্গলবার ফ্রান্স ও মরক্কোর মধ্যকার শেষ ষোলোর খেলার বিজয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। ব্রিজবেনে ১২ আগস্ট অজিরা সেমিতে যাওয়ার মিশনে নামবে।









