নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার এলাকায় কংশ নদীতে ফেরীঘাটে আজ বুধবার ৫ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান জানান, জেলার পূর্বধলা উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ উপলক্ষ্যে বিকাল ৫.৩০ মিনিটের দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০-২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওনা হয়ে কংশ নদীর মাঝখানে গেলে কাৎ হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবি, এখনও তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, নৌকার বেশীরভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
জাহিদ হাসান
নেত্রকোনা প্রতিনিধি









