ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় এক আদিবাসী যুবকের সিগারেট টানার সময় এক ব্যক্তির প্রস্রাব করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা আন্দোলন করে যাচ্ছে। এই ঘটনায় জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করছে মধ্যপ্রদেশ সরকার। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি দাবি করেছেন এটি ভুয়া ভিডিও। তিনি এমন কিছু করেননি।
ভিডিওতে থাকা ব্যক্তির সাথে বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের দেখা গিয়েছে বলেও দাবি করে মধ্যপ্রদেশের বিরোধী দল কংগ্রেস। ধীরে ধীরে সেই সব ছবিও প্রকাশ্যে আসে সমাজমাধ্যমে। এর পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে উদ্যোগী হন বিষয়টি নিয়ে। প্রশাসন সূত্রে খবর, তিনিই ওই মামলা করার নির্দেশ দিয়েছেন। অন্য দিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতর সূত্রে এমনও জানা গিয়েছে, ওই ব্যক্তির সম্পত্তি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হতে পারে।
অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা। মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা তিনি। সিসিটিভি ফুটেজে তাঁর কীর্তি ধরা পড়েছে। যদিও তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। অন্য দিকে যে আদিবাসী যুবককে ওই ভিডিও দেখা গিয়েছে, পুলিশ তাঁকেও চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছিল। তাঁর নাম দশমত রাভত, বয়স ৩৬। দশমতও জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। অর্থাৎ ঘটনাটি বাস্তবে ঘটেনি।
পুলিশকে অভিযুক্ত দশমত জানিয়েছেন, প্রবেশকে ফাঁসানোর জন্য ওই ভিডিও বানানো হয়েছে। যদিও এই মর্মে দশমতের লিখিত বয়ান দেখে বিরোধীরা দাবি করেছেন, তাঁকে দিয়ে ওই বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে। চাপে পড়েই এ ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।









