মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ব্যাপারে কড়া কড়া কথা বলে আসছেন শপথ গ্রহণের অপেক্ষায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ট্রাম্পের মা-বাবা দু’জনেই আমেরিকায় এসেছিলেন অন্য দেশ থেকে। সচ্ছল জীবনের আশায় স্কটল্যান্ডের একটি ছোট দ্বীপ থেকে মাত্র ১৮ বছর বয়সে আমেরিকায় এসেছিলেন ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলিওড।
সামান্য গৃহপরিচারিকার কাজ করতে তরুণী ম্যারি ১৯৩০ সালে স্কটল্যান্ডের লুইস থেকে তৎকালীন অগ্রসরমান শহর নিউইয়র্কে পাড়ি জমান। আর তখন থেকেই ভাগ্য ফিরতে শুরু করে তাঁর।
নিউইয়র্কে আসার মাত্র ৬ বছর পর আবাসন ব্যবসায়ী ফ্রেডেরিক ট্রাম্পের সঙ্গে ম্যারি অ্যান ম্যাকলিওডের বিয়ে হয়। মজার ব্যাপার হলো, ট্রাম্পের দাদা অর্থাৎ ফ্রেডেরিকের বাবা আমেরিকায় এসেছিলেন জার্মানি থেকে।
ম্যারি অ্যানের জন্ম ১৯১২ সালে স্কটল্যান্ডের দ্য আইল অব লুইসের টং নামের এলাকায়।

বংশানুক্রম বিশেষজ্ঞ বিল লওসন ম্যারি অ্যান ম্যাকলিওডের ১৯ শতকের বংশধারা খুঁজে বের করেন। তিনি জানান, ম্যারির বাবা ছিলেন লুইসের ছোট শহরের এক পোস্ট মাস্টার। একই সঙ্গে একটি ছোট দোকানও ছিলো তাদের। তবে এলাকার অন্যান্য মৎসজীবীদের তুলনায় কিছুটা অবস্থাপন্ন ছিলো ম্যারির পরিবার।
কিন্তু দুর্দিন দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধের পরেই। যুদ্ধে কয়েকহাজার দ্বীপবাসী নিহত হয়। তরুণদের অনেকেই লুইস দ্বীপ ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমাতে থাকে। তাই নয় ভাইবোনের বিশাল পরিবারের একজন ম্যারিকেও দেশ ছাড়তে হয় জীবিকার সন্ধানে, উন্নত জীবনের খোঁজে।

সেই ম্যারি ও ফ্রেডেরিক দম্পতির ৫ সন্তানের মধ্যে চতুর্থ ডোনাল্ড জন ওরফে ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।









