যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চ্যানেল আইয়ের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে বিস্তারিত তুলে ধরা হলো।
খুলনা
বিভাগীয় শহর খুলনায় উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ঈদ জামাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার নয়টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ চত্বরে জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়। নগরী জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ময়মনসিংহ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় জেলা ময়মনসিংহে মসজিদে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও নগরীর বড় মসজিদ, মার্কাস মসজিদ, ময়মনসিংহ সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলায় দুই হাজার ৪৫০টি মাঠ এবং বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারো মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা ছিল।
চট্টগ্রাম
চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতের ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে এম আজিজ স্টেডিয়াম চত্বরে ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজে চট্টগ্রামের রাজনৈতিক নেতা , ব্যবসায়িক নেতা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
গাজীপুর
গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের রাজবাড়ি ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওনানা কামরুল ইসলাম নোমানি। এসময় উপস্তিত ছিলেন গাজীপুর দুই আসনের এমপি জাহিদ আহসান রাসেল, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, জেলা প্রশাসক আনিসুর রহমান ,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিরা অংশগ্রহণ করে।এছাড়া জেলার বিভিন্ন উপজেলার মডেল মসজিদসহ প্রায় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
যশোর
উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবায় পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা, ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ইমাম। জামাতে জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।
সিলেট
সিলেটে সকাল সাড়ে ৮ টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হয়। এতে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিনিয়র নেতারা এখানে ঈদের জামাত আদায় করেন। ঈদ জামায়াত শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সংসদ সদস্য শামীম ওসমানের আয়োজনে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইসদাইর এলাকায় এ কে এম সামসুজোজাহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠ সংযুক্ত করে এই ঈদের জামাতের আয়োজন করা হয়। একমাত্র ছেলে অয়ন ওসমানকে সাথে নিয়ে সকাল সাড়ে আটটায় প্রথম জামাতে অংশ নেন সংসদ সদস্য শামীম ওসমান, ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ বিশিষ্টজনরা। পরে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের পর সংসদ সদস্য শামীম ওসমান দলীয় নেতা-কর্মীসহ পরিচিতজনদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শরীয়তপুর
পবিত্র মাহে রমজান শেষে শরীয়তপুর জেলার ২ শতাধিক স্থানে আজ শনিবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত ও ৮টায় দ্বিতীয় জামাত শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো: খলিলুল্লাহ প্রধান জামাতের ইমামতি করেন। এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মো: পারভেজ হাসনসহ সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানগন অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার ছয় উপজেলা সদরে প্রধান জামাতসহ অন্তত ২ শতাধিক স্থানে ঈদের জামান অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
রংপুর
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি আবু তাহের মোঃ সাইদুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার মুসল্লী এতে অংশ নেন। এছাড়া সকাল পৌণে ৮টায় রংপুর পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় কেরামতিয়া মসজিদে, সকাল সাড়ে ৮টায় মুন্সিপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টার মধ্যে জেলার ৮ উপজেলায় ৫ হাজার ৯০টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী
পটুয়াখালীতে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খতিব ছিলেন মাওলানা মোহাম্মদ আবু সাঈদ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নানসহ প্রায় ২০ হাজার মুসল্লি নামাজে অংশ নেন।
চাঁদপুর
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চাঁদপুরে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৮টায় পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার আয়োজনে ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর এসিল্যান্ড হেদায়েত উল্লাহ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার কয়েক হাজার মুসল্লি। ঈদের জামাতে ইমামতি করেন, মাওলানা আব্দুল্লহ মোহাম্মদ হাসান। এর পর শহরে ক্রমান্বয়ে ২০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী সিবগাহতুল্লাহ নূর। প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন। নামাজ আদায়ের পর খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল মসজিদসহ জেলার ৯৮৬ টি ঈদাগহ ও ৪৯৬ টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মেহেরপুর
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মেহেরপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শনিবার সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে। ইমামতি করেন মাও. আব্দুল হান্নান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। সকাল ৮-১৫ টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হয় শহরের মেহরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। ঈমামতি করেন মাও. মোঃ রোকন উদ্দীন। এছাড়াও জেলার তিন উপজেলার ৩৭৪ টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর
এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুরে। দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৬ লাখ মুসল্লি। পরিনত হয় মুসল্লিদের মিলন মেলায়। দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এ ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়।
মাগুরা
ধর্মীয় ভাবগার্ভীয্যের মধ্য দিয়ে মাগুরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।
গাইবান্ধা
গাইবান্ধা ঈদুল ফিতরের প্রধান জামায়াত শহরে পৌর ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমানসহ এছাড়া শহরে এনএইচ মডার্ণ হাইস্কুল মাঠ, গোরস্থান জামে মসজিদ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগা মাঠ, রেল ষ্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিড কোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রীজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা
নেত্রকোনায় ১০৯৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগামাঠে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় বড় মসজিদে সকাল সাড়ে ৯টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনুরুপভাবে জেলার ১০টি উপজেলার হেডকোয়াটারসহ ৮৬ ইউনিয়নের গ্রামাঞ্চলে ১০৯৩ টি ঈদগা ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তুফা। প্রধান জামাতে অংশ গ্রহন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা।
নরসিংদী
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী জেলার সকল ঈদগাহ্ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা। শনিবার সকাল সাড়ে ৮টায় ও ৯টায় জেলার প্রত্যেক ঈদগাহ মাঠে খুতবা পাঠ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ঈদ-উল ফিতরের নামাজ। নরসিংদীর চিনিশপুর ঈদগাহ্ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কুলাকুলি করে সম্প্রীতি বিনিময় করেন।
নোয়াখালী
নোয়াখালীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় নোয়াখালীর কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নোয়াখালীর ৯টি উপজেলায় এ বছর চার হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়াও কুড়িগ্রাম কালেক্টরের ঈদগাহ মাঠ, আলীয় মাদ্রাসা ও পাবলিক লাইব্রেরি মাঠসহ জেলার সহস্রাধিক ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন মুসল্লীরা। কালেক্টরেট মাঠে ঈদের নামাজে অংশ নেন জেলা প্রশাসক মো: সাঈদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম। নামাজ শেষে স্বজনদের রূহের মাগফেরাতের জন্য কেন্দ্রীয় কবরস্থানে আসেন শতশত মুছল্লী। ঈদ উপলক্ষে ধরলা সেতু এলাকাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে নেমেছে শিশু কিশোরসহ মানুষের ঢল।
কক্সবাজার
বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। শনিবার সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মওলানা সোলাইমান কাশেমী।
প্রধান জামাতে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সিনিয়র জেলা জজ মো ইসমাঈল, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র মাহবুবুর রহমানসহ প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। পরে মোনাজাতে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লীগন। এ ছাড়া শহরের বায়তুশ শরফ ও বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় এবং বদর মোকাম মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল নয় টায়।









