মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি দুগ্ধ খামারে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু পুড়ে মারা গেছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে একজন। কর্তৃপক্ষের ধারণা, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় সোমবার ৭টা ২১মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় পুলিশ। পুলিশ ও জরুরী কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আগুন এবং ধোঁয়ার কারণে মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান জানা যায়নি তবে বিবিসিকে জানিয়েছে, আনুমানিক ১৮হাজার গবাদি পশু মারা গেছে। স্থানিয়রা জানিয়েছে, খামারের কিছু গরু বেঁচে গেছে, তাদের উদ্ধার করা হয়েছে। আবার কিছু গরু এমনভাবে আহত হয়েছে যে তাদের মেরেই ফেলতে হবে।
খামার বিস্ফোরণে গবাদি পশু মারা যাবার ঘটনা যুক্তরাষ্ট্রে এই প্রথম নয়। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩ মিলিয়ন প্রাণী খামারে আগুনে পুড়ে মারা গেছে।









