দীর্ঘ ৪০ বছর কারাভোগের পর ইসরায়েলের বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন করিম ইউনিস (৬০) নামের এক ফিলিস্তিনি। বৃহস্পতিবার তাকে ইসরায়েল থেকে মুক্তি দেওয়া হয়। যদিও ডানপন্থী সরকারের সমর্থকরা তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দ্য ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায়, করিম ইউনিস ১৯৮৩ সালে ইসরায়েল-অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলি সেনা আব্রাহাম ব্রমবার্গকে অপহরণ ও হত্যার জন্য দোষী সাব্যস্ত হন।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের মতে, তিনি যেকোন ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘতম একটানা সাজা ভোগ করেছেন।
ইউনিস নিজ গ্রাম ইসরায়েলি আরব গ্রাম আরাতে অভ্যর্থনা পেয়েছেন। একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি শালে আবৃত করে পরিবার, বন্ধুবান্ধব এবং সমর্থকরা তাকে স্বাগত জানায়।
ইউনিস বলেন, এটি ৪০ বছরের একটি গল্প, যা কারাভোগের গল্প, যেখানে প্রতিটি গল্প একটি জাতিকে উদ্দেশ্য করে। যারা ফিলিস্তিনের জন্য আত্মত্যাগ করেছেন তাদের একজন হতে পেরে আমি খুবই গর্বিত। এছাড়া ফিলিস্তিনের স্বার্থে আমরা আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলাম।









