টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী ১৬ দেশের অধিনায়কদের মিলনমেলায় পরিণত হয়েছিল মেলবোর্ন।
শনিবার আইসিসি এবারই প্রথম বিশ্বকাপের সব দলের অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অধিনায়কের প্রশ্নোত্তর পর্বে আটজন করে দুইভাগে আসেন ১৬ দলের অধিনায়ক। প্রথমভাগে ছিলেন অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের অধিনায়ক।
দ্বিতীয় ভাগে থাকা টাইগার অধিনায়ক সাকিবের সঙ্গে ছিলেন ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের অধিনায়ক।
প্রতিটি দলের অধিনায়ক বিশ্বকাপে নিজেদের দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। টাইগার অধিনায়ক সাকিবকে ছিলেন ফুরফুরে মেজাজে।
সাকিবের উদ্দেশ্যে উপস্থাপক প্রশ্ন করেন- ‘এশিয়া কাপ থেকে ফেরার পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ স্কোয়াডে এসেছে দুই পরিবর্তন। বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে কী ধরনের ক্রিকেট আমরা আশা করতে পারি?’
প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের দলটা খুব রোমাঞ্চকর। আমাদের অনেক নতুন খেলোয়াড় আছে। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমাদের সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবো, আমিসহ (হাসি)। তো এটা নতুন অভিজ্ঞতা।’
‘আমার মতে, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে খুব ভালো দুইটি দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি। এখন আমরা জানি যে অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করার জন্য কী করতে হবে। আমি মনে করি, ভালো করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত।’
এরপরই উপস্থাপকের কৌতুহলী প্রশ্ন ছিল, ‘অস্ট্রেলিয়ায় এটি আপনার প্রথম টি-টুয়েন্টি! উত্তরে সুপার-৭৫ দিলেন খোঁচা, ‘হ্যাঁ। আর আমি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি!’ তখন বিস্ময় প্রকাশ করে উপস্থাপক বলে ওঠেন, ‘আমি তো বুঝতেই পারিনি!’









