দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৮৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর ফলে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩১৪।
শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১২ জন। শনাক্তের হার চার দশমিক ৫৪ শতাংশ।
এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৬৬৬টি পরীক্ষায় ২১২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৭৬ হাজার ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ১৪ হাজার ২০৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩৫২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৩৯ জনসহ মোট ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৭৩ লাখের বেশি। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৬০ হাজারের বেশি।তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৭ কোটি ১৪ লাখের বেশি মানুষ।









