ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটগ্রহণ চলছে আজ। দ্বিতীয় দফা এই ভোটের মাধ্যমে ফ্রান্সের নাগরিকেরা পূর্ববর্তী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে আরো ৫ বছরের ক্ষমতা দিবে না কি ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে তার সিদ্ধান্ত নেবে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে প্রায় ১২ ঘণ্টা। এর আগে ১০ এপ্রিল, অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে জয় পেয়েছিলেন ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আগ্রহী করে তুলতে দুই প্রার্থীই নানা প্রচারণা চালিয়েছেন।
ম্যাক্রোঁ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু অনেকের অভিযোগ তারা সেই পরিবর্তন তার ক্ষমতায় থাকাকালে দেখতে পাননি। তাই বিভিন্ন বিষয়ে প্রতিবাদ, কোভিড মহামারী এবং বর্তমানে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে তার প্রেসিডেন্ট পদ বেশ বিপর্যস্ত হয়েছে।
মেরিন লে পেন, ২০১৭ সালে দ্বিতীয় দফা ভোটে একই প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার সময় তিনি যে ভুলগুলো করেছিলেন তা থেকে অভিজ্ঞতা নিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছেন৷ এটি প্রেসিডেন্ট পদে তার তৃতীয় লড়াই এবং যদি তিনি এবার ব্যর্থ হন তবে এটি হতে পারে তার শেষ সুযোগ৷
তবে ফলাফল যাই হোক না কেন ম্যাক্রোঁ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আইফেল টাওয়ারের পাদদেশে একটি মঞ্চ থেকে ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানান।









