রমজানে সমাজের পিছিয়ে পড়া ৪ লাখ ৬৬ হাজার ৫শ’ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে সাড়া দিয়ে যুবলীগের নেতা-কর্মীরা প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪,৬৬,৫০০ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, লবণ, ২ প্রকারের সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।
এর আগে করোনা মহামারির এই দীর্ঘ সময়ে প্রায় ৮৬ লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ। শুধু খাদ্য সহায়তাই নয়, করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা, সাধারণ মানুষের জন্য টেলিমেডিসিন সেবা, ফ্রি-অক্সিজেন ও ফ্রি-অ্যাম্বুলেন্স সেবা, করোনায় মৃত ব্যক্তির দাফন/সৎকারে সহায়তা করা এমনকি করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতা এই পবিত্র মাহে রমজানেও ধরে রেখেছে যুবলীগ।
গত ৩ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়মী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।









