১৩২ জন আরোহী বহনকারী চীনে বিধ্বস্ত হওয়া বিমানের আরও একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আজ রোববার চীনের স্থানীয় সময় সকাল ৯ টা ২০ মিনিটে দুর্ঘটনাস্থলের একটি ঢাল থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলিতে বৃষ্টির কারণে কর্দমাক্ত হওয়া এই ঢালের পৃষ্ঠের ১.৫ মিটার (৫ ফুট) নীচে পাওয়া ব্ল্যাক বক্সটির তথ্য অনুসন্ধানের জন্য আজ বেইজিংয়ে পাঠানো হবে।
এর আগে গত বুধবার (২৩ মার্চ) প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয় যেটিতে ককপিট ভয়েস রেকর্ডার রয়েছে। এই ব্ল্যাক বক্সটিও বিশেষজ্ঞদের পরীক্ষার জন্য বেইজিং পাঠানো হয়েছে।
ফ্লাইট নম্বর এমইউ-৫৭৩৫ গত ২১ মার্চ ১৩২ জন আরোহী নিয়ে দক্ষিণ চীনের পাহাড়ে বিধ্বস্ত হয়। সেখানে অনুসন্ধান চালিয়ে আরোহীদের কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া এখনো জানা যায়নি এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণ।









