ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা মোটেও তাদের অনুকূলে চলছে না। দুদিন আগে মিডলসবরোর কাছে হেরে এফএ কাপ থেকে বাদ পড়েছে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দিকে থাকা দল বার্নলির কাছে হোঁচট খেয়েছে রেড ডেভিলস।
মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রালফ র্যাঙ্গনিকের দল। এতে ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ম্যানইউ। আরেক ম্যাচে হোয়াটফোর্ডকে একমাত্র গোলে হারানো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে উঠেছে।
২৩ ম্যাচ খেলেম্যানচেস্টার সিটি, ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সবার ধরাছোঁয়ার বাইরে আছে। দুইয়ে থাকা লিভারপুল ২২ ম্যাচ খেলে পেয়েছে ৪৮ পয়েন্ট। ২৪ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট পেয়ে তিনে আছে চেলসি।
টার্ফ মুর স্টেডিয়ামে হওয়া ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া অবশ্য প্রথমার্ধে ম্যানইউ মাঠে দেখিয়েছিল দাপট।
১৩ মিনিটে রাফায়েল ভারানে হেডে বল জালে জড়িয়েছিলেন। তবে ভিএআর নেয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায় অধিনায়ক হ্যারি মাগুইরে অফসাইডে ছিলেন। ফলেচরেফারি গোল বাতিল করেন।
পাঁচ মিনিট পর লুক শ’র অ্যাসিস্ট থেকে বল নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পল পগবা, এগিয়ে যায় ম্যানইউ।
এরপর বেন মি নিজেদের জালে বল জড়িয়ে দেয়ার পরও ব্যবধান দ্বিগুণ হয়নি। কারণ ঠিক তার পূর্ব মুহূর্তে পগবা ফাউল করায় সেটি হয়নি। ৩৩ মিনিটে এডিনসন কাভানির হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বার্নলি গোলরক্ষক নিক পোপ।
বিরতির পরপরই ৪৭ মিনিটে সতীর্থের কাছ থেকে পাস নিয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জে রদ্রিগুয়েজ।
পাঁচ মিনিট পর ওউট ওয়েগহর্স্টের দেয়া দূরপাল্লার শট গোলরক্ষক ডেভিড ডি গিয়া না ঠেকালে ম্যানইউ পিছিয়ে পড়তো।
৬৮ মিনিটে কাভানিকে বেঞ্চে বসিয়ে রোনালদোকে মাঠে নামান রালফ র্যাঙ্গনিক। তাতেও অবশ্য কাজের কাজ হয়নি। গোল করতে পারেনি ম্যানইউ। অমীমাংসিতভাবেই খেলা শেষ হয়।









