শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে শুক্রবার বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের বৈঠকে নেয়া এ সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসাইন (৩৮) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ ছিলেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি মারা যান।
একপর্যায়ে ওই শিক্ষকের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের বিচারসহ কয়েকটি দাবিতে শিক্ষা কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। আর শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।









