করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ১০ দিনে ২৬ হাজার মৃত্যু হয়েছে। আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ লাখ ৭৯ হাজার ৪৫৯ জন আক্রান্ত হয়েছে। একদিনে মৃত্যুর নতুন রেকর্ড ৩ হাজার ৬৪৭ জন। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ।
ভারতকে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দেবে বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় প্রাণ হারানো ভারতীয়দের জন্য গভীর দুঃখ ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের এই কঠিন সময়ে পাশে থেকে সহযোগিতা করতে চায়। ভারতের এই কঠিন সময়ে বাংলাদেশ ভারতীয়দের জন্য প্রার্থনা করছে।
ভারত চাইলে বাংলাদেশ আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কূটনৈতিক সর্ম্পকের দিক বিবেচনা করলে বাংলাদেশ-ভারত সর্ম্পকের রয়েছে ঐতিহাসিক নানা প্রেক্ষাপট। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা বাংলাদেশ শ্রদ্ধা ও মমতার সঙ্গে স্মরণ করে এবং নানা বিষয়ে ভারতকে অগ্রাধিকার দিয়ে থাকে। করোনাকালে চরম সঙ্কটময় পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ খুবই সময়োপযোগী। এছাড়া দেশের জনগণ ভারতের পরিস্থিতিতে সমব্যাথী।
আমাদের আশাবাদ, দুদেশের এই সর্ম্পক দীর্ঘজীবী হবে এবং ভারত শিগগিরই এই মহামারী কাটিয়ে উঠবে।









