বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মেহেদি মারুফ ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা ডায়নামাইটস।
রংপুরের বোলারদের মধ্যে রুবেল হোসেন তিনটি উইকে নেন। এছাড়া জিয়াউর রহমান ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন।
রংপুরের বিপক্ষে ব্যটিংয়ে ঝোড়ো সূচনা ঢাকা ডায়নামাইটস। এভিন লুইস ও মেহেদি মারুফের ব্যাটে দলটি আফ্রিদি-গাজীদের ওপর রীতিমত তাণ্ডব চালায়। ২৩ মিনিটেই দলীয় ফিফটি ছুঁয়ে ফেলে ঢাকা ডায়নামাইটস। ক্রিকেটের হিসেবে সেটিতে লেগেছে ৫.২ ওভার। ৯ ওভারেই স্কোরবোর্ডে শতরান জমা করে ডায়নামাইটসরা।
এভিনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে ফিরে গেছেন মেহেদি মারুফ। ৩টি করে চার-ছয়ে ৩১ বলে ৪০ রানে সাজঘরে হাঁটা দেন এই উদ্বোধনী ব্যাটসমান। সৌম্যকে বিগ হিট করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি।
পরে মাত্র ২১ বলে নিজের পঞ্চাশ ছুঁয়েছেন এভিন লুইস। যাতে ছিল ২টি চার ও ৬টি ছয়ের মার।শেষ পর্যন্ত ৩৪ বলে ৮টি ছয় ও ৩টি চারে করেছেন ৭৫ রান।
এভিনের আউটের পর ঢাকার রানের চাকা মন্থর হয়। শেষ দিকে সাকিবের ২৯ ও মোসাদ্দেকের ১৪ রানে ১৮৮ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।









