দেশে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগামীকাল ১৭ই মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কোনো অনুষ্ঠান হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনার একটি চিঠি সোমবার স্কুলগুলোতে পৌঁছানোর কথাও জানান তিনি।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিতের পর মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের কথা জানায় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেয়ার কথা বলা হয়। এমনকি জাতীয় প্যারেড স্কয়ারের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়।
করোনা ভাইরাসের বিস্তৃতির আশঙ্কায় আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা আটজন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। বর্তমানে আক্রান্ত ৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সেটা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫১ জন। আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৫২৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ৭৭ হাজার ৭৭৮ জন।









