টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৬টি বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও পরে বাংলাদেশে করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ায় ট্রমা সেন্টারের ১০০ বেডকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এছাড়াও ১১ উপজেলার প্রতিটিতে দুই থেকে ৮টি করে বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.সদর উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনা ভাইরাস তেমন কোন ভয়ঙ্কর না। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না গিয়ে এক মিটার দূরত্ব বজায় রাখলে এটি ছড়াবে না। এ ভাইরাসে মৃত্যুর হার খুব কম। ৭০ বছরের উপরে ব্যক্তির মৃত্যুর হার শতকরা ৫ ভাগ আর তার নীচে মৃত্যুর হার ২ ভাগ। তারপরও সবাইকে সচেতন থাকতে হবে।
অন্যদিকে জেলার সন্তোষে চীন ফেরত একজনকে হোম কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।









