নেইমারকে বার্সেলোনায় ফেরানোর ব্যাপারে নিজের ইচ্ছার কথাটা বহুবারই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন জেরার্ড পিকে। শেষপর্যন্ত নেইমার না ফেরায় নিজের হতাশার কথাও গোপন করেননি। পিএসজি তারকাকে ফেরানোর ব্যাপারে প্রকাশ্যে কথা বলেছেন দলের অধিনায়ক লিওনেল মেসিও। এখন জানা যাচ্ছে, ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে নিজেদের বেতন কমাতেও রাজি ছিলেন পিকে-মেসিরা!
স্প্যানিশ রেডিও ক্যাডেনা সারের একটি অনুষ্ঠানে পিকে জানান, নেইমারকে বার্সায় আনার জন্য নিজেদের চুক্তিতে টাকার পরিমাণ কমানোর প্রস্তাবও দিয়েছিলেন তারা।
চলতি মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল, নেইমার পিএসজি ছেড়ে বার্সায় ফিরছেন। তাকে নিয়ে কয়েকদফা আলোচনাও করেছে দুই ক্লাব। বার্সা বরাবরই বলে আসছিল, নেইমারের জন্য যে আকাশচুম্বী দাম চাচ্ছে পিএসজি, সেটা তাদের পক্ষে দেয়া সম্ভব না। শেষপর্যন্ত তাই পিএসজি আর বিক্রি করেনি নেইমারকে।
পিকে জানান, নেইমারকে কেনার ব্যাপারে যখন আলোচনা চলছিল, তখন বার্সা ফুটবলাররাও এগিয়ে এসেছিলেন এ ইস্যুতে, ‘ফুটবলাররা তো সরাসরি টাকা দেয়নি। আমরা সবাই প্রেসিডেন্টকে বলেছিলাম যদি আমাদের চুক্তিগুলো বদলে ফেলা যায়। কারণ নেইমারকে কেনার সময় ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র কিছু ব্যাপার ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা বার্তেমেউকে বলেছিলাম, এক বছরে যা আয় করতে পারতাম সেটা না হয় দুই কিংবা তিন-চার বছরে করলাম! দিনশেষে আমরা ক্লাবের পাশে থাকতে চাই, ক্লাবকে এসব ব্যাপারে সাহায্য করতে চাই। নিজেদের বেতন সরাসরি না কমিয়ে নেইমারকে আনার ব্যাপারে এটাই ছিল সেরা উপায়। কিন্তু এরপর আরও অনেক সমস্যা সামনে এলে এটা আর করা হয়নি।’
বার্সার ডিফেন্ডার এখনো আশা করেন, নেইমার একদিন বার্সায় ফিরবেন, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতি বছরই আমরা সেটা দেখতে চাই। আমরা নেইমারকে বলেছিলাম, তুমি একটা স্বর্ণখচিত জেলখানার যাচ্ছো। ফুটবলে এমনটা হতেই পারে।’
নেইমার না ফিরলেও অবশ্য কোনো সমস্যায় নেই বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে তারা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডও প্রায় নিশ্চিত তাদের।









