ক্রিকেটারদের দাবির অন্যতম একটি ছিল জাতীয় লিগের ম্যাচ ফি বৃদ্ধি করা। তারই প্রেক্ষিতে ম্যাচ ফি বাড়িয়ে দ্বিগুণ করল বিসিবি। বাড়ানো হয়েছে ভ্রমণ-দৈনন্দিন ভাতাও।
লিগে এখন তৃতীয় রাউন্ডের খেলা চললেও বাড়তি ম্যাচ ফি কার্যকর হচ্ছে প্রথম রাউন্ডকে ধরেই। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ সিদ্ধান্তের কথা।
প্রথম শ্রেণির ম্যাচ খেলে দ্বিতীয় স্তরে থাকা চার দলের ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার টাকা। চলতি জাতীয় লিগের ২১তম আসরে তারা পাবেন দ্বিগুণ, তথা ৫০ হাজার টাকা। আর প্রথম স্তরের চার দলের ক্রিকেটারদের ম্যাচ ফি ৩৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার।
চারদিনের ম্যাচের জন্য ক্রিকেটাররা ভ্রমণ ভাতা পেতেন আড়াই হাজার টাকা। তৃতীয় রাউন্ড থেকে তারা পাবেন সাড়ে তিন হাজার টাকা। আর দৈনন্দিন ভাতা ছিল দেড় হাজার টাকা। সেটি করা হয়েছে আড়াই হাজার টাকা।
জাতীয় লিগে সবশেষ ম্যাচ ফি বেড়েছিল ২০১৭ সালে। প্রথম স্তরে ২৫ হাজার থেকে ম্যাচ ফি করা হয় ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরে ১৫ হাজার থেকে করা হয় ২৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা দুই হাজার থেকে করা হয় আড়াই হাজার। আর দৈনন্দিন ভাতা এক হাজার থেকে দেড় হাজার।
দুই বছর পর খেলোয়াড়দের আন্দোলনের মুখে উল্লেখযোগ্য হারে ম্যাচ ফি ও অন্যান্য আর্থিক সুবিধাদি বাড়াল বিসিবি।









