শক্তিশালী ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে চীনে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং নিরাপদস্থলে সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখেরও অধিক মানুষকে।
চাইনিজ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করে জানায়, চীনের পূর্বাঞ্চলের তীব্র ঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে ২২ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া ঝড়ের কারণে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার গাছ উপড়ে গেছে এবং দশ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঝড়টি শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে ১৮৭ কিলোমিটার বেগে ধেয়ে আসে চীনের ওয়েংলি সিটিতে।

ঝড়ের কারণে কর্তৃপক্ষ এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে এবং রেল চলাচল বাতিল করেছে। কেবলমাত্র ঝেইজাং প্রদেশে ঝড়ের কারণে প্রায় ৩শ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
ঝড়টি পূর্ব উপকূল হয়ে সাংহাইয়ের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সাংহাইসহ পূর্বাঞ্চলীয় আনহুই, ফুজিয়ান, জিয়াংসু ও ঝেইজাংয়ে প্রবল বৃষ্টির পূর্ভাবাস দেয়া হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
শুক্রবার ঝড়ের কারণে রেড এলার্ট জারি করে চীন। পরে শনিবার সকালে বাতাসের তীব্রতা কিছুটা কমে আসলে অরেঞ্জ অ্যালার্ট জারি করে।









