“ছোটবেলায় কোনো সময় জন্মদিন পালন করিনি, আসলে জন্মদিনের স্বাদ আমি পেয়েছি তানিয়ার সঙ্গে পরিচয় হওয়ার পর”, নিজের জন্মদিনে এমন কথাগুলো বলছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল। জন্মদিনে টুটুল বলেন, সাত ভাই-বোনের সংসারে মা একাই সংগ্রাম করতেন তাই কখনো জন্মদিন করা হয়নি।
টুটুল বলেন, “তানিয়ার সঙ্গে সম্পর্ক হওয়ার পর ওই আমার জন্মদিন বিভিন্নভাবে উদযাপন করতো। আর এখনো তানিয়া একাই আমার জন্মদিন ঠিক একইভাবে উদযাপন করে। তবে আজকে শুধু আমার জন্মদিন নয় সঙ্গে আমার ছেলে আরুশের জন্মদিনও। তাই ডাবল সেলিব্রেশন।”
কীভাবে জন্মদিন কেটেছে, তা জানিয়ে টুটুল বলেন, “বাপ-বেটার একদিনে জন্মদিন হওয়ায় তানিয়ার একটু বাড়তি চাপ পড়ে যায়। কালকে যেমন রাত ১২টা ১ মিনিটে পরিবারের সবাই ও কাছের কিছু মানুষ নিয়ে, আমি আর আরুশ কেক কাটলাম।”
ছেলে ও বাবার জন্মদিন একসঙ্গে তাই উদযাপন বেশ ঘটা করে হতেই পারে, এ বিষয়ে এস আই টুটুল বললেন, এবার আমার শরীরটা ঠিক ভালো না। তাই তেমন কোনো আয়োজনও রাখিনি। আর বাইরে এতটা গরম যে, কোনো পরিকল্পনা নেওয়ার সাহস পাচ্ছি না। কাছের কিছু বন্ধু-বান্ধব আছে তাদের ডাকলেই তারা ছুঁটে আসবে।
টুটুল আরও বলেন, “আমার জন্য তো ছেলের জন্মদিন নষ্ট করা যায় না, তাই আরুশকে নিয়ে কোথাও খেতে যাবো আর ওর যতো খেলনা পছন্দ আজ সব কিনে দিবো। ছোটবেলায় কেমন ছিলো এস আই টুটুল জানতে চাইলে হেসে বলেন, আমি এত ছটফট বাচ্চা ছিলাম যে আমার মা শাড়ি দিয়ে জানালা বা দরজায় বেঁধে রাখতো। কিন্তু সেই হিসেবে আমার ছেলে-মেয়েরা বেশ শান্ত।”
জীবনের এতটা সময় পেরিয়ে আসা জীবনের অনুভূতি জানতে চাইলে গুণী এ সঙ্গীতশিল্পী বলেন, জীবনের কাছ থেকে আমি অনেক পেয়েছি। কিন্তু জীবনের কাছে আমার একটি চাওয়া জীবনে অনেক বেশি বেঁচে থাকতে চাই না। যাতে করে আমার জীবনটা আমার কাছে ভার হয়ে যায়। 
বর্তমান ব্যস্ততা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, শরীরটা ঠিক ভালো না, তাই কাজ কম করছি। প্লেব্যাক করছি, কনসার্টও করছি। আর সামনে ঈদে একটি অ্যালবাম বের করার পরিকল্পনা করছি দেখা যাক।









