একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ২০৬ জন চূড়ান্ত এই প্রার্থী তালিকায় রয়েছে ৯ জন নারী এবং ৬ জন সংখ্যালঘু প্রার্থী।
শুক্রবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বাকি ৯৪ আসনের মধ্যে কিছু বিএনপি নেতা, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নিশ্চিত হওয়ার পর শনিবার সে তালিকা প্রকাশ করা হবে বলে জানান মির্জা ফখরুল।
৯ জন নারী প্রার্থী হলেন-
রংপুর-৩: রিটা রহমান
নাটোর-১: কামরুন্নাহার
নাটোর-২: সাবিনা ইয়াসিমন ছবি
সিরাজগঞ্জ-১: রুমানা মোরশেদ কনকচাঁপা
ঝালকাঠি-২: জেবা আমিন খান
শেরপুর-১: ডা. সানসিলা জেবরিন
নেত্রকোনা-৪: তাহমিনা জামান
ফরিদপুর-২: শামা ওবায়েদ
কক্সবাজার-১: হাসিনা আহমেদ।
বিএনপিতে নারী প্রার্থী ৯ জন হলেও আওয়ামী লীগ এদিক থেকে এগিয়ে। দলটি ১৬ জন নারীকে মনোনয়ন দিয়েছে।
বিএনপির হয়ে যেসব সংখ্যালঘু প্রার্থী লড়াই করবেন তারা হলেন
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
মাগুরা-২: নিতাই রায় চৌধুরী
টাঙ্গাইল-৬: গৌতম চক্রবর্তী
মাদারীপুর-২: মিলটন বৈদ্য
রাঙামাটি: মণি স্বপন দেওয়ান
বান্দরবান: সাচিং প্রু ।
শুক্রবার প্রার্থী ঘোষণা করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। আন্দোলনের অংশ হিসেবে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে চাই৷ খালোদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তি চাই৷ অসংখ্য নেতাকর্মীর উপর যে মিথ্যা মামলা ও নির্যাতন চলছে তার অবসান চাই৷ একটি শান্তিময় গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে চাই৷ এই লক্ষ্যে আমরা অংশ নিচ্ছি৷ মনোনয়ন প্রার্থীদের অনেক বাধার মুখোমুখি হতে হয়। সেখান থেকে অনেকে ছাড়পত্র পান৷
এসময় মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিন। কঠিন সময় পার করছি আমরা। এই সময় যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন মেনে নিয়ে দলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কাজ করতে বলেছেন।
তবে মনোয়ণ বঞ্চিত অনেকে দলের এই হাইকমাণ্ডের কোনো নির্দেশনা না মেনেই গুলশান অফিসের সামনে বিক্ষোভ করেছে। দীর্ঘ রাত পযন্ত এই বিক্ষোভ চলে।









