দুই বছর ধরে বোনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিল্লির রোহিণী এলাকার একটি বাড়ি থেকে মহিলা কমিশনের সদস্যরা ওই নারীকে উদ্ধার করেন।
বোনকে আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে বলে কমিশনের কাছে ফোন করে সাহায্য চান অপর এক ভাই। ফোন পেয়েই ওই বাড়িতে যান মহিলা কমিশনের সদস্যরা।
বাড়ির মালিক দরজা খুলতে চাইছিলেন না অভিযোগ করে কমিশনের এক সদস্য বলেন, পরে বাধ্য হয়েই পুলিশকে ডাকতে হয়। পুলিশ এসে পাশের বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির বাড়িতে ঢোকেন।
পুলিশ জানিয়েছে, নারীটিকে যখন উদ্ধার করা হয় তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কাউকে চিনতেও পারছিলেন না। আপাতত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, “ঘটনাটা শুনে চমকে উঠেছি। এমনটাও কেউ করতে পারে! এতটা অমানবিক! মহিলার বয়স ৫০। কিন্তু শারীরিক পরিস্থিতি তার বয়স আরও ৪০ বছর বাড়িয়ে দিয়েছে যেন।”
অভিযোগ উঠেছে, গত দুই বছর ধরে নারীটিকে নিজের বাড়িতে আটকে রেখেছেন তার ভাই। দিনের পর দিন অত্যাচার চলত তার উপর। মারধর করা হতো। অপরিচ্ছন্ন জায়গায় ফেলে রাখা হতো। চার দিনে এক দিন খেতে দেওয়া হত তাকে। তাও আবার একটা রুটি।









