বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় বিপুল মানুষের সমাগমেই প্রমাণিত হয়েছে জনগণ আর এ সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাকে প্রত্যাখ্যান করছি।
শনিবার রাতে বিএনপির জনসভার বক্তব্য নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাদের বলেন, “বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আওয়ামী লীগ নয়, নির্ভর করছে আদালতের ওপর। আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, এক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সরকার।”
একইসঙ্গে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের পদত্যাগে বিএনপির দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
রিজভী আরো বলেন, বেগম খালেদা জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করছে সরকার। তিনি একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই খালেদা জিয়া কারাগারে আটকে আছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছেন আওয়ামী মন্ত্রীরা, সংবিধানতো পরিবর্তন করেছেন আপনারা। আজীবন ক্ষমতায় থাকার জন্য ত্রয়োদশ সংশোধনী আইন বাতিলের মাধ্যমে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আপনারা যেভাবে বাদ দিয়েছেন ঠিক সেভাবেই আবার তা সংবিধানের সংযোজন করা সম্ভব।
বিএনপির এ নেতা দাবি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে নির্বাচন দিতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।









