পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে জুভেন্টাসের যুব একাডেমির অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়েছে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৩৩ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের পর ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। পরিবার নিয়ে এখন ইতালিতেই থাকছেন।
তার বড় ছেলে রোনালদো জুনিয়র জন্মগ্রহণ করে ২০১০ সালে। সোমবার জুভেন্টাসের ভিনভো গ্রাউন্ডে তাকে অনুশীলন করতে দেখা গেছে। রোনালদোর বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজও সেখানে ছিলেন। জুভেন্টাসের সিনিয়র দলের আরও কয়েকজনের সন্তান দলটিতে খেলে থাকে।
রোনালদোর চার সন্তান। কদিন আগেই তিনি জানান, বড় ছেলে ভালো ফুটবল খেলে।
‘সে খুবই প্রতিযোগী মনোভাবের। ছোটবেলায় আমি যেমনটি ছিলাম। সে হারতেই চায় না,’ ছেলে সম্পর্কে বলছিলেন রোনালদো।
‘আমি শতভাগ নিশ্চিত সে আমার মতোই হবে। আমি তাকে কিছু শেখাতে চাই। কিন্তু সে যা পছন্দ করে সেটাই করবে। আমার সমর্থন থাকবে তাতে।’









