জো রুটের দরকার ছিল কেবল ৪০টা রান। মধ্যাহ্ন বিরতির পরপরই সেটা তুলে নেন। তাতে গড়ে বসেন দারুণ এক রেকর্ড। অভিষেকের পর দ্রুততম সময়ে ৬ হাজার টেস্ট রান করার রেকর্ড। নিজেদের হাজারতম টেস্ট খেলতে নামা ইংল্যান্ড তখন সুবিধাজনক অবস্থানেই ছিল। তবে দিনশেষে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে দিয়েছে ভারতও।
বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৮৫ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড।
রুটের টেস্ট অভিষেক হয়েছিল ২০১২ সালের ১৩ ডিসেম্বর, এই ভারতের বিপক্ষেই। বুধবার ভারতের বিপক্ষেই ৬ হাজারি ক্লাবে নাম লেখালেন। ৫ বছর ২১২ দিন সময় নিয়ে। মাইলফলকের দিনে পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের ছয় হাজার ছুঁতে লেগেছিল ৫ বছর ৩৩৯ দিন। অবশ্য ইনিংসের বিচারে রুটের লাগল ১২৭ ইনিংস। আরও ১৭জন তার চেয়ে কম ইনিংসে এই ক্লাবে ঢুকে পড়ে এগিয়ে আছেন।
রেকর্ড হারানোর দিনে কুক করতে পেরেছেন মাত্র ১২ রান। পরে জেনিংস ও রুট ৭২ রান যোগ করেন। জেনিংস ফেরেন ৪২ রানে। দ্রুত ফিরে যান ৮ রান করা মালানও।
তখন বেয়ারস্টোকে সঙ্গী পান রুট। দুজনে যোগ করেন ১০৪ রান। দলও পেরিয়ে যায় দুশর ঘর। সেখান থেকে সাত রানের ব্যবধানে রুট ও বেয়ারস্টোকে ফিরিয়ে দিয়ে পরে টপাটপ উইকেট তুলে নেয় সফরকারীরা।
রুট রানআউটে সাজঘরে ফেরার আগে ১৫৬ বলে ৯ চারে ৮০ রান করে যান। বেয়ারস্টোর নামের পাশে ৭০। স্টোকস ২১ রান যোগ করতে পারলেও বাটলার ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
শেষদিকে টম কুরান ২৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনে অলআউট হওয়া ঠেকিয়েছেন।
ভারতের ঘুরে দাঁড়ানোয় নেতা অশ্বিন। ৬০ রানে ৪ উইকেট তার দখলে। মোহাম্মদ সামি ২টি ও উমেশ যাদব আর ইশান্ত শর্মা একটি করে উইকেট নিয়েছেন।









