প্রবাসী আবেগের ঢেউ তুলেছেন মেধাবী নাট্য নির্মাতা সাজ্জাদ সুমন। গেল ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের জন্য নির্মিত টেলিফিল্ম ‘কলুর বলদ’ দিয়ে ইউটিউব দুনিয়াতে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। দর্শকের আগ্রহ আর প্রত্যাশার কথা ভেবেই আসছে ঈদেও চ্যানেল আইয়ের জন্য তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘কলুর বলদ ২’।
দেশি-বিদেশি দর্শকের চাহিদায় প্রবাসীদের গল্প নিয়ে ফের উদ্ধুদ্ধ নির্মাতা সাজ্জাদ সুমন। এরইমধ্যে ‘কলুর বলদ’ সিক্যুয়ালটির গল্পও ঠিক হয়ে গেছে। চূড়ান্ত হয়ে গেছে কাস্টিংও। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানালেন, দর্শকের আগ্রহে এবারও প্রবাসীদের নতুন গল্পের নায়ক চূড়ান্ত করা হয়েছে রিয়াজ ভাইকে। তার সঙ্গে এবার দেখা যাবে ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলিকে।
‘কলুর বলদ’-এর সিক্যুয়াল নিয়ে নির্মাতার ভাষ্য, ‘কলুর বলদ’-এর সিক্যুয়াল নিয়ে আসলেও এটা কিন্তু আগের গল্পের ধারাবাহিকতা না। আর এটার নাম হতে পারে ‘কলুর বলদ: অনিশ্চিত যাত্রা’। প্রবাসীদের নিয়ে আমরা আরেকটা ভিন্ন ধরনের গল্প তুলে ধরবো সেখানে। এটারও গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ইউটিউবসহ সামাজিক মাধ্যমগুলোতে গেল ঈদে ‘কলুর বলদ’-এর দর্শক মন্তব্যেও ছিল প্রশংসা এবং আবেগের ছড়াছড়ি। নির্মাতা মনে করছেন, এবারের গল্পেও দর্শক আনন্দ বেদনায় ভাসবেন! নিজেদের বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন, প্রবাসীদের নিয়ে ভাবনার খোরাক পাবেন এটুকু বিশ্বাস করি। এক ফাঁকে জানালেন আগস্টের ১০ তারিখে শুটিং শুরু করবেন ‘কলুর বলদ ২’-এর।
প্রবাসীরা কি টাকার মেশিন? ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝেনা। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি। চ্যানেল আইয়ে প্রচারিত গেল ঈদে ‘কলুর বলদ’ টেলিফিল্মটির মধ্য দিয়ে এরকম কিছু প্রশ্নের মুখেই ফেলে দিয়েছিলেন নির্মাতা। এবার দেখা যাক, প্রবাসীদের নিয়ে দর্শকদের কিসের মুখোমুখি দাঁড় করান নির্মাতা!









