বলিউড সুপারস্টার শাহরুখ খান। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন তিনি। এবং এরপর থেকেই তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল সিনেমাতে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। জনপ্রিয় এই অভিনেতা শাহরুখ খানের রয়েছে লক্ষ লক্ষ ভক্ত। আর তার এই ভক্তরা সর্বদাই তার সম্পর্কে জানতে উদগ্রীব থাকে।
আর তাইতো এবার এমনই এক ভক্তের প্রশ্নের সম্মুখিন হলেন শাহরুখ।
সম্প্রতি ‘আস্ক মি অ্যানি কোয়েশ্চেন’ নামক একটি ফিচার চালু করেছে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। যেখানে ভক্তরা চাইলেই তাদের পছন্দের তারকার কাছে যে কোনো প্রশ্ন করতে পারবেন।
এই ফিচারটি ব্যবহার করে এরই মধ্যে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ও সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা দত্ত।
এবার এই ফিচারটি ব্যবহার করেই ভক্তদের প্রশ্নের সম্মুখিন হয়েছেন শাহরুখ। এবং প্রশ্নের উত্তরও দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।
অনেক প্রশ্নের মাঝে কিং খানের একজন ভক্ত তাকে প্রশ্ন করেন আপনি কেনো এতো জলদি বিয়ে করেছেন স্যার? জবাবে ‘দেবদাস’ খ্যাত এই তারকা জানান, ‘ভাই ভালোবাসা ও সৌভাগ্য জীবনে যে কোনো সময় চলে আসে। গৌরীর সঙ্গে দুটিই আমার জীবনে এসেছে।’
১৯৯১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শাহরুখ-গৌরী। আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান নামে তাদের তিন সন্তান রয়েছে।









