চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা চিঠি, মেসি তোমাকে!

চিররঞ্জন সরকার by চিররঞ্জন সরকার
2:32 অপরাহ্ন 22, জুন 2018
in মতামত
A A

প্রিয় নায়ক, ফুটবলের বরপুত্র, ফুটবল জাদুকর মেসি, যে বয়সে প্রেমিক ভালোবাসে প্রেমিকাকে, সেই বয়সে আমরা অনেকে ভালোবেসেছি তোমাকে। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করা সেই ভালোবাসা! আমাদের পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, দেখার মত ভালো স্বপ্ন নেই, তবু আমরা ফুটবল প্রেমে মজেছি অকাতরে। সাত সমুদ্র তের নদীর ওপারে অবস্থিত আর্জেন্টিনাকে ভালোবেসেছি। সমর্থন করেছি। আসলে ঠিক আর্জেন্টিনা নয়, ভালোবেসেছি তোমাকে, আর তাই ভালোবেসেছি তোমার দেশ আর্জেন্টিনাকে! তোমাকে ভালোবাসার পর অনেক সময়ই মনে হয়েছে, আমরা কি তোমাকে ভালোবাসার যোগ্য? আমাদের যে কিছুই নেই ভালোবাসাটুকু ছাড়া!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত ‘গুপ্ত প্রেম‘ কবিতায় লিখেছিলেন, ‘তবে পরানে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধি হে!/পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া,/ পূজিব তারে গিয়া কী দিয়ে! ‘ হ্যাঁ, রবি ঠাকুরের এই কবিতার মতই মাঝে মাঝে মনে হয়েছে, আমরা তোমাকে কী দিয়ে, কেমন করে পূজা করব? তেমন যোগ্যতা, সামর্থ্য কোথায় আমাদের?

সেই ‘পরমপূজ্য’ তুমিই আজ আমাদের জীবনে এক বড় দীর্ঘশ্বাস হয়ে দেখা দিয়েছ। আমাদের লক্ষ-কোটি ভক্তের হৃদয় ভেঙে খানখান হয়ে গেছে! আকস্মিক কোন অন্ধকার গর্ভে হারিয়ে গেল তোমার সেই জৌলুস, সেই ঝলকানি, সেই জাদু!
অনুগতজনে কি এভাবে প্রবঞ্চনা করতে হয়, লিও মেসি! এতটা রক্তক্ষরণ, এতটা বুকভাঙা দীর্ঘশ্বাস কি কারও জন্য তুলে রাখতে আছে ফুটবলের বরপুত্র! তুমি তো অন্তত রাখতে না। রাখো না কোনওদিন। যে তুমি নরম মনের, যে তুমি কামিনী ফুলের সুবাস, সেই তুমি, সেই মেসি, দশ নম্বর জার্সি গায়ে এতখানি অপমান ফিরিয়ে দিতে পারলে তুমি! বাগানের সব ফুল উজাড় করে তুলে এনে শুধু তোমার জন্যই তো কোটি কোটি ভক্ত রাত জেগেছিল। তুমি তাদের একটু প্রসাদী ফুল তুলে দিতে পারলে না! কী করে তুমি ফুটবলের ঈশ্বর হবে লিও!

না, তোমার ভক্তরা তো কোনওদিন চায়নি ইস্পাতকঠিন পেশির বিস্তার। চায়নি বিতর্কের বর্ণমালা। চায়নি ঔদ্ধত্যের আগুন! তারা শুধু ম্যাজিক চেয়েছিল। সেই ইন্দ্রজাল, যা জালে জড়িয়ে দেয় স্বপ্ন। যে পোড়া দেশ ফিফার নজরেও পড়ে না, সেখানেও ভক্তরা চেয়েছিল, বেজে উঠুক তোমার সেতার। বলো, কী অপরাধ তার, এ কামনা যে করেছিল! সবুজ গালিচায় তুমি কি ফুল ফোটাওনি? লোকে যাকে ম্যাজিক বলে, তুমিই কি মগ্ন বিশ্বাসে তাকে সত্যি বলে তুলে ধরোনি! তুমিই কি গড়ে দাওনি সেই মায়াপৃথিবী যেখানে অসম্ভব বলে কিছু নেই! তাহলে আজ আবার কেন বুঝিয়ে দিলে, সত্যি আর রূপকথার মধ্যে থেকে যায় আরও একটা দুনিয়া, যেখানে ঘাম ঝরে অকাতরে। স্বপ্নভঙ্গ হয়, আর ঈশ্বরও হয়ে পড়ে ঠুঁটোজগন্নাথ! আর তাঁর মাথায় ওঠে কাঁটার মুকুট।

তবে এটাই মহাকাব্যের নায়কদের দর্শন? লিও মেসি, তুমি তো শুধু ফুটবল খেলো না। তোমার অসুখ অতিক্রম করে ফিনিক্স হয়ে জীবনে ফিরে আসা, প্রতি মুহূর্তে নিজেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হিসেবে উন্নীত করা আসলে কোটি মানুষকে দিয়েছে রূপকথা। বুঝিয়েছে, যে পৃথিবীতে লিও মেসি আছে, সেখানে হেরে যাওয়া বলে কিছু নেই। ঔদ্ধত্যের বিপরীতে এ পৃথিবীতে আছে এক সমাহিত তটভূমি যেখানে কনে দেখা আলোয় আজও কেউ প্রেমে পড়ে। চাঁদের নরম হাসি আজও যেখানে সমস্ত পরাজিতদের চুলে বিলি কেটে যায়। সেই পৃথিবীর চাবি হাতে তুলে দেওয়া লিও, কেন আজ দেখালে এই নরক? নাকি আজ তুমি বলে দিলে, রূপকথাকে সত্যি ভাবলে আখেরে কষ্ট শুধু গিলে ফেলতে হয়। গ্রিক ট্র্যাজেডির এই চরম ক্ষণে ম্যাজিক বলে কিছু নেমে আসবে না। এ পৃথিবীতে মন ও তো ভাঙে!

তোমার চোখের দিকে আর তাকাইনি লিও। তুমিও কি তোমার ঈশ্বরকে বলছ আজ, ‘অনুগত জনে কেন, করো এত প্রবঞ্চনা’! কী জানি কী উত্তর পাচ্ছ তুমি। তবে দৃষ্টির ওই খাঁ খাঁ শূন্যতার তো কোনও অনুবাদ হয় না লিও। আমরাও তাই জানি না, গোপন রক্তক্ষরণ বুকে ঠিক কেমন মোচড় দেয়। আমরা ফুল তুলতে জানি। কিন্তু রাশি ফুল প্রসাদী করে না দিতে পারার ব্যর্থতা আমরা জানি না। আমরা কাঁদতে পারি সমক্ষেই। লুকিয়ে চোখের জল ফেলার বেদনা, আমরা জানি না লিও মেসি। তুমি জানো। জানো বলেই তুমি মেসি। অসম্ভবকে সম্ভব করে তোলা অভ্যাস করে ফেলে, এখন ঠেকে যাওয়ার পৃথিবীতে হাঁটতে পারো বলেই তুমি মেসি। জিততে শেখানোর মতো, মহাকাব্যের নায়ক তুমি, হয়তো শিখিয়ে যাচ্ছ হারকে মেনে নেওয়ার সহন-শিক্ষা। এই তো জীবন লিও। তুমিই পারো এভাবে দুদিক মেলে ধরতে। উপন্যাসের চরিত্র না হয়ে, তুমিই পারো উপন্যাস হয়ে উঠতে। অথচ ফুটবল বিশ্বে তুমি নিজেই তো একটা গোলার্ধ।

অপরদিকে আছেন রোনাল্ডো। প্রতি ম্যাচে তিনি নিজেকে প্রমাণ করছেন। শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখছেন। একদিকে আলো থাকলে অন্যদিকে তো অন্ধকার নেমেই আসবে। সে অন্ধকার গায়ে মেখেই ড্রেসিংরুমের দিকে ফিরে যাচ্ছ লিও। সকলে সরে জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, সকলেই হয়তো জানে এই কাঁটার মুকুট, এতটা নিষ্ঠুর প্রস্থান তোমার প্রাপ্য নয়। তবু মেসি শুধু তুমিই বোধহয় জানো, আলোর মতো অন্ধকারও গায়ে মাখতে হয় সেই নায়ককেই। তোমার প্রতি ব্যর্থতায় লক্ষ সমর্থককেও যে কত কটাক্ষ সহ্য করতে হচ্ছে, তা তুমি জানো মেসি। তাই হয়তো সমক্ষেও কাঁদতেও পারো না তুমি।

তবু আমরা একটা অভিসন্ধি করেছি লিও। এই নরকদর্শন আমাদের নিয়তি। আমরা তা খন্ডাতে পারিনি। তুমিও পারোনি। তবু আমরা তো পারি, এই নরক অতিক্রম করতে। আমরা তো পারি, রক্তক্ষরণের প্রান্তে রূপকথাটিকে রাখতে। কত প্রেম ভাঙে, কত মন ফকির হয়, তবু প্রেম কি মিলিয়ে যায়! নাকি বর্ষা আসে না! আমরা সেই অপেক্ষায় থাকি। বলি, এ নরক সত্য, তবু রূপকথা নয়।

লিও মেসি, কামিনী ফুলের সুবাস তুমি, অন্য কোথাও তাই, কোনও একদিন আবার তোমার সেই রূপকথার গল্পখানা শুনিও। আমরা অসহায় ভক্তকুল তোমার জন্য একটা একটি দীর্ঘশ্বাসের মালা নিয়ে অপেক্ষা করব!
রাজনীতি আমাদের সুখ দেয়নি, সংসার আমাদের স্বস্তি দেয়নি, খোদ প্রেয়সীও মনি-কাঞ্চনের অভাবে ছেড়ে গেছে আমাদের! তুমিও কি আমাদের কেবল নীরব অশ্রুর কারণ হয়েই থাকবে? কথা কও, কিছু একটা বল মেসি! ওমন চুপ করে থেকো না! এমন দু:সহ নীরবতা তোমাকে মানায় না!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: বিশ্বকাপ ফুটবলমেসি
Previous Post

মেলানিয়া ট্রাম্পের জামায় এ কী লেখা?

Next Post

সরকারকে লাল কার্ড দেখাতে জনগণ বদ্ধপরিকর: রিজভী

Next Post
রুহুল কবির রিজভী।

সরকারকে লাল কার্ড দেখাতে জনগণ বদ্ধপরিকর: রিজভী

প্রেমিক নিয়ে ভারতে প্রিয়াঙ্কা, উদ্দেশ্য মায়ের সাথে সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT