বার্সেলোনা ছেড়ে আন্দ্রেস ইনিয়েস্তা চীনের ক্লাবে নাম লেখাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে না হলেও ক্লাব চোংকিং ডাংডাই লিফানের সঙ্গে চুক্তিটাও প্রায় সারা বলে খবর! চীনা ক্লাবটি আবার ইনিয়েস্তাকে কেবল নগদ অর্থই দেবে সেটিও নয়, সঙ্গে কিনে নেবে স্পেন তারকার কারখানার চোলাই করা ৩৬৭কোটি টাকা মূল্যের মদও!
পারিবারিকভাবেই মদ ব্যবসার সঙ্গে জড়িত ইনিয়েস্তা। চীনে যাওয়ার পেছনে অন্যতম কারণও বোদেকা-ইনিয়েস্তা নামে কারখানার মদ বিক্রি করা।
স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, মৌসুম প্রতি ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইনিয়েস্তাকে দলে টানার প্রস্তুতি সারছে চোংকিং ডাংডাই লিফান। যা তিন মৌসুমের জন্য মোট ৮১ মিলিয়ন!
সঙ্গে ইনিয়েস্তার কারখানার চোলাইকৃত ৬০ লাখ বোতল মদও কিনবে ক্লাবটি! প্রতি বোতল ৬ ইউরো করে মোট ৩৬ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৩৬৭কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ, চোংকিং ডাংডাই লিফানে যোগ দিলে রথ দেখা ও কলা বেচা দুই-ই হবে বার্সা কিংবদন্তি মিডফিল্ডারের।









