২০১৬’র অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। সাদা পোশাকে নিয়মিত হওয়ার সম্ভাবনা নিয়েই এগিয়ে গেছেন। অল্প সময়ের মধ্যে পাঁচটি টেস্ট খেলে চলে আসেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও। কিন্তু এক বছর পরই চুক্তি থেকে বাদ পড়েছেন। এখন ফেরার ক্ষুধা বেড়ে গেছে পেসার কামরুল ইসলাম রাব্বির।
রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাব্বি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আত্মবিশ্বাস কাজ করে। আমি চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলাম। এটা আত্মবিশ্বাস যোগায়। একটা জিনিস হারানোর পর ওটা পাওয়ার জন্য অনেক ক্ষুধা থাকে। আমি হারিয়েছি কিন্তু ক্ষুধাটা বেড়েছে। আগের থেকে ভালো করে আবারও ফিরে আসতে চাই।’
চুক্তিতে আসা ও বাদ পড়ার মাঝখানে ম্যাচ খেলার সুযোগ পাননি রাব্বি। তাহলে কীসের ভিত্তিতে তাকে বাদ দেওয়া হল? এসব নিয়ে প্রশ্ন নেই রাব্বির। এ তরুণের ভাবনা কেবল ভবিষ্যত নিয়েই।
‘পারফর্ম করেছিলাম,আত্মবিশ্বাসী ছিলাম তাই চুক্তিতে ছিলাম। এখন আমি নেই; তার মানে এই নয় যে আমি আবার আসতে পারব না। আমার কাজটা যদি ভালোমতো করতে পারি, তাহলে অবশ্যই বিবেচনায় চলে আসব।’
চুক্তি থেকে বাদ পড়ায় পাবেন না বিসিবি থেকে বেতন। সে ক্ষতিকে অবশ্য বড় করে দেখছেন না এই পেসার, ‘আর্থিকভাবে সমস্যা অবশ্যই আছে। কিন্তু কেন্দ্রীয় চুক্তির বা আমাদের বেতনের উপর কিন্তু আমরা নির্ভরশীল নই। ঢাকা লিগ, বিপিএল, জাতীয় ক্রিকেট লিগ, বিসিএল আছে। তাই এসব (বেতন) নিয়ে এখন ভাবছি না। চিন্তাও করছি না।’









