চার ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে শীর্ষে আবাহনী। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে তার পরের স্থানটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। জিয়াউর রহমানের ব্যাটিং নৈপুণ্যে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে দলটি।
ফতুল্লায় সোমবার প্রথমে ফিল্ডিং করে ২২৮ রানের লক্ষ্য পায় শেখ জামাল। প্রাইমদের হয়ে অর্ধশতক পাননি কোন ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪১ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ।
শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার রবিউল হক। দুটি করে উইকেট গেছে আবু জায়েদ রাহি ও ইলিয়াস সানির পকেটে।
জবাবে ওপেনার জিয়াউর রহমানের ব্যাটে ভর করে ৩২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন জাতীয় দলের বাইরে থাকা জিয়া। সমান ৩৯ রান করেন সৈকত আলি ও দিগবিজয় রঙ্গি।
এতে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান এখন শেখ জামালের। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তৃতীয়তে অবস্থান প্রাইম দোলেশ্বরের।










