পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশসনিক ভবনসহ সকল গেটে তালা লাগিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ৯ টায় তালা লাগিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর একটার দিকে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ক্রেডিট ফি দিচ্ছে ১৮ টাকা, সেখানে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিজন শিক্ষার্থী দিচ্ছে ১১০টাকা। পরিবহন ফি যেখানে প্রতি ছয় মাসে নেয়া হচ্ছে ৩’শ টাকা তা কমিয়ে ১’শ টাকা করতে হবে। এছাড়াও অতিরিক্ত পরীক্ষা ফি, ল্যাব ফি তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এসব দাবিতে শনিবার বিকেলে থেকে আন্দোলনে নামে তারা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পাশাপাশি টায়ারে আগুন জালিয়ে দেয়।
এ ব্যাপারে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম জানান, গত তিন বছর যাবৎ একই ফি আদায়ের মাধ্যমে চলছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কোন ফি বৃদ্ধি করা হয়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে লাইফ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক এ এসএম সাইফুল্লাহকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যৌক্তিক বিষয়গুলো যাচাই বাছাই করে পর্যায়ক্রমে যত দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়েছে বলেও জানান তিনি।









