ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে খুলনা বিভাগের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
টানা পঞ্চম দিনের মতো দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার সকালেও যশোর থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্য কাউন্টারগুলোতে তালা ঝুলতে দেখে ফিরে যাচ্ছেন যাত্রীরা।
ধর্মঘটের কারণে জনভোগান্তির কথা স্বীকার করলেও তাদের দাবি থেকে সরে আসার সুযোগ নেই বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। সমস্যার সমাধানে কেউই উদ্যোগী না হওয়ায় অচলাবস্থা চলছেই।
গত মঙ্গলবার (২০ মে) ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আল্টিমেটাম অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আটক শ্রমিকদের মুক্তি না দেয়ায় এবং ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহার না করায় নতুন করে শুক্রবার ভোর থেকে খুলনা বিভাগের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।
সারাদেশেই এ পরিবহন ধর্মঘটের হুমকি আছে।






