ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সাত মাসে ১২৭ ম্যাচে কাহিল অবস্থায় মাঠ। এতো বেশি খেলার কারণে টেষ্ট ম্যাচের জন্য উইকেট এবং মাঠ পুরোপুরি তৈরি করা সম্ভব হয় নি বলে খোদ কিউরেটররাই জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র চিফ কিউরেটর গামিনি ডি সিলভা উইকেট এবং আউটফিল্ড তৈরি করার জন্য সময় পেয়েছেন মাত্র এক সপ্তাহ।
ক্রিকেট বোর্ড সূত্রগুলো জানিয়েছে, অনেক বেশি ম্যাচ খেলার ফলে মাঠের এমন করুণ অবস্থা হয়েছে।
উইকেট দেখে নিজের হতাশা চেপে রাখেন নি বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ। তিনি বলেছেন, এরকম পিচ তিনি কখনও দেখেন নি। এই পিচ তার জন্য দূর্বোধ্য। টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিমও উইকেট দেখে খুশি নন।
তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের পুরোদস্তুর দায়িত্ব নিতে যাওয়া ভিরাট কোহলি উইকেট দেখে সন্তোষ প্রকাশ করেছেন। হাই স্কোরিং ম্যাচ হবে আশা করে তিনি বলেন, বোলিং কোচের সঙ্গে কথা বলে বোলিং কম্বিনেশন ঠিক করবেন।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উইকেটে হতাশ হলেও টিম টাইগার্স যাতে ব্যাটিংটা সুন্দরভাবে করতে পারে সেজন্য তৈরি হওয়ার চেষ্টা চলছে।
গ্রাউন্ডসম্যানরা বলেছেন, প্রথম দু’দিন উইকেট ব্যাটিং ফেভারে থাকবে। এই আবহাওয়ায় পরে উইকেট কিছুটা ভেঙ্গে যাওয়া স্বাভাবিক। মূল দায়িত্ব হবে তখন বোলারদের।
বুধবার থেকে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে ৯ বছর পর টেস্ট ম্যাচ দেখবে ফতুল্লা। শেষ টেস্ট ম্যাচ হয়েছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। জিততে জিততে ওই ম্যাচ হেরে গিয়েছিলো বাংলাদেশ।






