নতুন কৌশলে শিক্ষার্থীদের জিম্মি করেছে কিছু কলেজ। স্কুল থেকে পাস করা শিক্ষার্থীদের অনুমতি না নিয়েই নিজেদের কলেজকে পছন্দের তালিকায় এক নম্বরে রেখে অনলাইনে ভর্তির ফরম পূরণ করে তা বোর্ডে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ নিজেই।
শিক্ষা বোর্ড বলছে, ভূক্তভোগী কয়েকশ’ শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে আবেদন করেছেন। অভিযুক্ত কলেজগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড।
মার্কশিট আটকে মান্ধাতা আমলের মতো নয়, পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের সঙ্গে এ প্রতারণা হয়েছে। নিজেদের স্কুল থেকে পাশ করা এসএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের অনুমতি না নিয়েই তাদের নামে অনলাইনে স্কুল সংশ্লিষ্ট কলেজে ভর্তির আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ।
এ কারণে স্কুল সংযুক্ত কলেজ ছাড়া অন্য কোথাও ওই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে না। এরকম ঘটনার শিকার নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পাস করা একশ’ শিক্ষার্থী।
এসব শিক্ষার্থীর নামে কলেজ কর্তৃপক্ষ নিজেরাই অনলাইনে ফরম পূরণ করেছে। এ নিয়ে ভয়ে চ্যানেল আই’র ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো শিক্ষার্থী।
বিষয়টি জানার জন্য স্কুলের প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। দায়িত্বে থাকা কলেজ শিক্ষক অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কিন্তু তিনি বলেন, অনলাইনের ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। এ ব্যপারে সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ বলে মনে করেন এ শিক্ষক।
বোর্ড বলছে, শুধু এই একটি কলেজই নয়, অভিযুক্ত এমন প্রতিষ্ঠান আছে আরো বেশ কয়েকটি।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিকী বলেন, এটা যে সকল কলেজ করছে তারা চরম অনৈতিকতার পরিচয় দিচ্ছে। আমাদের কাছে এ ব্যাপারে যারা এ পর্যন্ত আবেদন করেছে তাদের আমরা আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছি।
কলেজ ভর্তিতে প্রথমবারের মতো চালু হওয়া এই নিয়মে প্রথমেই অনিয়মের আশ্রয় নেওয়াতে অনলাইনে আগের নিয়মের সঙ্গে নতুন করে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার নিয়ম করা হয়েছে।






