বড় জয় দিয়ে অ্যাশেজ সিরিজ শুরু করলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬৯ রানে হারিয়েছে ইংলিশরা।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪শ ৩০ রানের জবাবে ৩শ ৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২শ ৮৯ রানে অলআউট হলে অজিদের সামনে জয়ের লক্ষ্য দাড়ায় ৪শ ১২ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২শ ৪২ রানে অলআউট হলে ১৬৯ রানের হার মানতে হয় অস্ট্রেলিয়াকে।
বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৯ রানের আউট হন ওপেনার ফিল রজার্স। এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ৭৮ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু ৫২ রানে ওয়ার্নার এবং ৩৩ রান করে স্মিথ আউট হলে মড়ক লাগে অজি ইনিংসে। দ্রুতই ফিরে যান অধিনায়ক মাইকেল ক্লার্ক(৪), অ্যাডাম ভোজেজ(১), শেন ওয়াটসন(১৯) ও ব্রাড হাডিন(৭)।
শেষ দিকে মিচেল জনসন ৭৭ রান করে ব্যবধান কমালেও প্রায় দেড় দিন বাকি থাকতে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী নেন ৩ টি করে উইকেট। ২ টি করে উইকেট নেন মার্ক উড ও জো রুট।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিক ইংল্যান্ড। দু’দলের পরের ম্যাচ শুরু হবে ১৬ জুলাই, লর্ডসে।
প্রসঙ্গত, আগের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অ্যাশেজের ট্রফি নিজেদের কাছে রেখেছে অস্ট্রেলিয়া।






