নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলায় অভিযুক্ত সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পলাতক আসামীদের মধ্যে র্যাবের ৮ সদস্যসহ মোট ১৩ জনের মধ্যে ৮ জনের মালামাল ক্রোকের আদেশ কার্যকর হয়েছে। বাকী ৫ জনের ঠিকানা শনাক্ত না হওয়ায় দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আদালত।
মামলার আসামী র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে মামলা লড়তে ঢাকা আইনজীবী সমিতির ৫ সদস্যের একটি দল আদালতে শুনানিতে অংশ নেন। তারা পরবর্তী শুনানিতে অংশ নিয়ে আসামীদের জামিনের প্রার্থনা করবেন বলেও জানান আইনজীবীরা।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, মামলাটিতে বিশেষ সুবিধা পাওয়ার জন্য আসামীপক্ষ চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।






