ঈদের আমেজ পুরোপুরি না কাটলেও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি ছুটি না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরতে হচ্ছে তাদের।
শনিবার শেষ হয়েছে ঈদের নির্ধারিত ৩ দিনের সরকারি ছুটি। নিয়ম মতো সপ্তাহের প্রথম কর্মদিবসে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। ভোর না হতেই সদরঘাট লঞ্চ টার্মিটালে দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা লঞ্চের সারি। রাজধানীতে ফিরছে মানুষ।
অনেক ভোগান্তি মাথায় নিয়ে আত্মীয় পরিজনের সঙ্গে দুটো দিন কাটিয়ে ফিরতে হচ্ছে নিত্যদিনের কর্মযজ্ঞে। আরো কয়েকটা দিন আত্মীয়দের সঙ্গে ঈদ কাটাতে মন চাইলেও ছুটি না পাওয়ায় বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে বলে জানান অনেকে।
একই চিত্র দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। বাড়তি ছুটি না পাওয়ায় নগরবাসীর কাছে এ যেন বুড়ি ছঁইয়ে ফিরে আসাই মতো।
ক্লাস আর পরীক্ষা শুরু হয়ে যাবে বলে শিক্ষার্থীরাও বাড়ি ছেড়ে ফিরে আসছেন ঢাকায়। ঢাকায় ফেরার এ স্রোত থাকবে সপ্তাহ জুড়ে। আগামী দু’একদিনের মধ্যেই যথারীতি প্রাণচাঞ্চল্য ফিরে আসবে চিরচেনা ঢাকার।






