দীর্ঘ ৫৪ বছর পর নিয়মিত বাণিজ্যিক বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে সমঝোতায় এসেছে যুক্তরাষ্ট্র ও কিউবা। দেশ দু’টির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
চলতি বছর দেশ দু’টির মধ্যে জনগণের ভ্রমণের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়ে যাওয়ার ফলে বিমান চলাচল শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তারা। কেননা ভ্রমণকারীদের ব্যক্তিগতভাবে বিমান ভাড়া করে বা অন্যান্য দেশ থেকে ভায়া হয়ে কিউবা আসতে হয়, যা খুবই ঝামেলাপূর্ণ।
আনুষ্ঠানিক চুক্তি সই হয়ে গেলে প্রতিদিনই প্রায় ডজনখানেক ফ্লাইট যুক্তরাষ্ট্র থেকে কিউবা আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে কবে থেকে বিমান চলাচল শুরু হবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিউবা সরকার এবং মার্কিন বিমান কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা শেষ হতে কয়েক মাস লাগতে পারে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিমান চলাচল বিষয়ে দেশ দু’টির মাঝে ‘অগ্রগতি হচ্ছে কিন্তু আলোচনা এখনও চলছে’।
এর আগে গত আগস্টে ৫৪ বছর পর কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাস চালু করা হয়।
স্নায়ুযুদ্ধের পর থেকেই দেশ দু’টির মধ্যে সম্পর্কের দিক থেকে বিচ্ছেদ চলে আসছে।
বিমান চলাচলের সমঝোতা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা কিউবা ও মার্কিন সরকারের মধ্যে ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। এভাবে সমঝোতার দিকে এগিয়ে গেলে একসময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে আশা করা হচ্ছে।






