দুই মাস বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশনে ভুগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চিকিৎসকরা দিয়েছেন মাঠে অনুশীলনের নির্দেশনা। দুই মাসের ঘাটতি পুষিয়ে নিতে সৈকত যখন মনোযোগী হবেন অনুশীলনে তখনই আক্রান্ত হলেন ভাইরাস জ্বরে।
বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত সপ্তাহে চোখের চিকিৎসকরা দেখার পর সৈকতকে অনুশীলন করার অনুমতি দিয়েছেন। আমরাও তেমনটা বলেছি। কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। যে কারণে মিরপুরে এসে অনুশীলন করতে পারছে না। তবে বাসায় বসে কিছু কিছু কাজ করছে।’
চোখের চিকিৎসকের সঙ্গে কথা বলে দেবাশীস আরও জানান, ‘আর হয়তো চোখের চিকিৎসকের কাছে যেতে হবে না সৈকতকে। ধীরে ধীরে আবার প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসবে সে।’
চোখের সমস্যার কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সৈকত। যেতে পারেননি সাউথ আফ্রিকা সফরেও। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন এই তরুণ।
সৈকতের চোখের সমস্যা শুরু হয় আগস্টের শুরুর দিকে। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে চট্টগ্রাম পর্বে যোগ দিতে পারেননি।দল ঢাকায় ফিরলে অনুশীলনে যোগ দিয়েছিলেন। তবে তখনও রোদ বা আলোতে তাকাতে সমস্যা হচ্ছিল। চোখ দিয়ে অতিমাত্রায় পানি পড়ায় বিশ্রামে চলে যান। এর মাঝে থাইল্যান্ডেও যান চিকিৎসা করাতে।
কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামেন তিনি। অভিষেক ইনিংসে ৭৫ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। তার আগে ১৮টি ওয়ানডে, ৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনবার্তা ছড়িয়ে দেন ২১ বছরের প্রতিভাবান এই তরুণ।









