টি-টুয়েন্টির চেয়েও ছোট ফরম্যাট আসছে ক্রিকেটে। টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট হবে আগামী ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাতের শারজায়। ২৫ অক্টোবর ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে দুবাইতে।
কিন্তু আলোর মুখ দেখার আগেই ঝামেলায় জড়িয়ে গেল টি-টেন ক্রিকেট। এই টুর্নামেন্টের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিরা। পিএসএলের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের ভয়েই তারা উদ্বেগ জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির জিও নিউজ।
পিএসএল ফ্র্যাঞ্চাইজিরা পিসিবিকে জানিয়েছে, টি-টেন টুর্নামেন্ট আরব আমিরাতে তাদের বাজার ক্ষতি করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, পিএসএল চেয়ারম্যান যিনি আবার পিসিবিরও চেয়ারম্যান। সেই নাজাম শেঠি যাতে আসন্ন লিগকে নিরুৎসাহিত করেন তেমনই পরামর্শ দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে।
ওই সূত্র আরও জানায়, পিএসএলের ফ্রাঞ্চাইজিরা তাদের ব্যবসার বিষয়ে উদ্বেগে রয়েছেন। কারণ তারা মনে করেন টি-টেনে পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা যুক্ত হতে যাওয়ায় তাদের ব্র্যান্ড মূল্য হ্রাস পেতে পারে।
যদিও মঙ্গলবার শেঠি টি-টেন ক্রিকেট লীগের প্রতি শর্তসাপেক্ষ সমর্থন জানিয়েছেন, ‘পিসিবি এই টুর্নামেন্ট সমর্থন করবে যদি সব স্টোকহোল্ডারদের স্বার্থের জন্য তা উপকারী হয়।’
আরেকটি সূত্র জিও নিউজকে নিশ্চিত করেছে, পিএসএল ফ্রাঞ্চাইজির মালিকেরা একটি মালিকানা বোর্ড গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন যাতে পিএসএল সম্পর্কিত বিষয়ে তাদের মতামত জানাতে সুবিধা হয়।
তবে টি-টেনকে সমর্থন করলেও এতে পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের বিনিয়োগ নিয়ে অসন্তুষ্ট পিসিবি। টুর্নামেন্টের একটি দলের মালিক সাবেক পাকিস্তানি অধিনায়ক। তার দলের নাম ‘পাঞ্জাবি লিজেন্ডস’। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান বর্তমানে রাশিয়ায় আছেন, দেশে ফিরেই এ ব্যাপারে ইনজির সঙ্গে কথা বলবেন তিনি। এই টুর্নামেন্টে চারটি দলের আইকন ক্রিকেটারদের একজন হতে পারেন বাংলাদেশের সাকিব আল-হাসান।









