ই-কমার্স জায়ান্ট আলিবাবার একটি সেবার নতুন নামকরণ নিয়ে চীনে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি জনপ্রিয় ট্র্যাভেল বুকিং অ্যাপের নাম আলিট্রিপ থেকে বদলে ‘ফ্লিগি’ রাখাতেই যার সুত্রপাত। চাইনিজ ভাষায় শব্দটির অর্থ দাড়ায় ‘উড়ন্ত শুকর’, যাতে আপত্তি জানায় একজন ব্লগার। এর প্রতিক্রিয়ায় ইসলাম ও সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় বিদ্বেষী মন্তব্যের ঝড় উঠে।
চীনের মুসলিমপ্রধান উইঘুর সম্প্রদায়ের একজন ব্যবসায়ি আদিল মেমেত্তুর মাইক্রোব্লোগিং নেটওয়ার্ক সিনা ওয়েইবোতে লিখেন, বিশ্বজুড়েই মুসলিমদের কাছে শুকর নিষিদ্ধ। আলিবাবা একটি আন্তর্জাতিক কর্পোরেশন, তারা কি এটা বিবেচনায় নিতে পারে না?
এর পরেই নিন্দা-উপহাসের ঝড় উঠে। ‘এজন্য কি সাহিত্য সংস্কৃতির সব জায়গা থেকে শুকর শব্দ উঠিয়ে নেবো’ বিদ্রুপ করে অনেকেই বলেন এমনটি। মুসলিম ও সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় নিয়েও অবমাননাকর কথা বলা হয়। যাতে মেমেত্তুর তার পোস্টটি সরিয়ে নিয়ে ক্ষমাপ্রার্তনাও করেন।
আলিবাবার একজন মুখপাত্র বলেন, সবধরনের মত এবং বিশ্বাসের প্রতি আমাদের সম্মান রয়েছে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্যই মূলত এই নামকরণ করা হয়েছিলো।
তবে এজন্য শুধু মেমেত্তুরের সমালোচনা করা যায়, পুরো মুসলিম সম্প্রদায়কে নয় বলেও অনেক ব্লগারের মতামত।
সূত্র: বিবিসি









