আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে সারাবিশ্ব। সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস আবারও পুলে নামছেন। সাঁতরাবেন। তবে প্রতিদ্বন্দ্বী কোন মানুষ নয়, সাগরের অন্যতম ভয়ঙ্কর প্রাণী গ্রেট হোয়াইট হাঙ্গরের বিপক্ষে। রোববার ডিসকভারি চ্যানেলের হয়ে প্রায় অবিশ্বাস্য এই প্রতিযোগিতায় নামবেন ২৩টি সোনাসহ ২৮টি অলিম্পিক পদক জয়ী সর্বকালের সেরা সাঁতারু।
তবে মানুষ হয়ে প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতায় নামার তালিকায় কিন্তু ফেলপস একা নন। আগে আরও চার অ্যাথলেট আছেন এমন দুঃসাহসী প্রতিযোগিতার নজির গড়ার তালিকায়।
ব্রায়ান হাভানা বনাম চিতা

রাগবী খেলোয়াড় হয়ে চিতার সঙ্গে দৌড়ে নামার ইচ্ছাটাই চমকে দিয়েছিল সারাবিশ্বকে। তখনকার বিশ্বে ব্রায়ান হাভানা ছিলেন সবচেয়ে দ্রুত ছোটা রাগবী খেলোয়াড়। ২০০৭ সালে চিতার সঙ্গে দৌড়ে নামা এই সাউথ আফ্রিকান এক পর্যায়ে এগিয়েও ছিলেন। কিন্তু ঘণ্টায় ৬০ মাইল বেগে ছোটা চিতার সঙ্গে শেষ পর্যন্ত আর পেরে ওঠা হয়নি হাভানার। তীব্র ইচ্ছা নিয়ে আরেকবার দৌড়েছেন, কিন্তু ১০.৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো রাগবী খেলোয়াড়কে পরেরবারও হার নিয়েই খুশি থাকতে হয়েছে।
ফিলিপো মাজিনিনি বনাম ডলফিন

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সাঁতারু ফিলিপো মাজিনিনি একসঙ্গে সাঁতরেছেন দুই ডলফিনের বিপক্ষে। বাড়তি সুবিধা দেওয়ার জন্য ডলফিন দুটোর বেশ কিছুক্ষণ পর নেমেছিলেন ‘সুপারপিপ্পো’। কিন্তু ডাঙ্গার দুপেয়ে হয়ে তো জলের প্রাণীদের সঙ্গে লড়াই চলে না। মাজিনিনিও পারেননি। সাঁতার শেষে মজা করে বলেছিলেন, লিয়া নামের সেই ডলফিন দুটির একটির প্রেমে পড়ে গেছেন তিনি।
জেসি ওয়েন বনাম ঘোড়া

মার্কিন কৃষ্ণাঙ্গদের পথিকৃৎ অ্যাথলেট জেসি ওয়েনকে জীবিকার জন্য প্রায়ই ঘোড়ার বিপক্ষে দৌড়াতে হয়েছে। ১৯৩৬ অলিম্পিকে অ্যাডলফ হিটলারের সামনে দৌড় জিতে অলিম্পিকে রেকর্ড গড়া ওয়েন সাদা চামড়ার মার্কিনীদের মনে কখনোই জায়গা করে নিতে পারেননি। একাধিকবার দৌড়েছেন ঘোড়ার সঙ্গে। আগে দৌড়ানোর সুবিধা পেয়েও সব দৌড়ে জেতা হত না এই মার্কিন অ্যাথলেটের।
ডেনিশ নর্থকাট বনাম উটপাখি

মার্কিন ফুটবল তারকা ডেনিশ নর্থকার্টের সঙ্গে উটপাখির দৌড় আলোচনায় ঝড় তুলেছিল বেশ। ২০০৯ সালে প্রথম দৌড়ে জিতেছিলেন নর্থ। কিন্তু পরে দেখা যায় মাঝপথে উটপাখিটির মাথা বিগড়ানোয় নর্থ একাই দৌড়েছেন। পরে আবার দৌড়েছেন। কিন্তু সেবার উটপাখিটি সঠিকভাবে দৌড়ানোয় জেতা হয়নি মার্কিন তারকার।








