ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। এবারের নির্বাচনকে ‘মতাদর্শীয় লড়াই’ বলে মন্তব্য করে লড়াইয়ে নামার কথা বলেছে দেশটির বিরোধী দল।
রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন ও দেশের রাজ্য বিধানসভাগুলোতে স্থানীয় সময় সকাল ১০টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষের নির্বাচিত সংসদ সদস্য ও এমএলএ’র ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। প্রায় ১১ লাখ ইলেক্ট্রোরাল ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন পরবর্তী রাষ্ট্রপতিকে।
ভারতের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র প্রার্থী ও বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র প্রার্থী, লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর নাম ঘোষণার পর ইউপিএ তার প্রার্থীর নাম প্রকাশ করে। তার আগ পর্যন্ত কিছু জানাতে রাজি হয়নি দলটি। অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলিত সম্প্রদায়ের একজনকে প্রার্থী মনোনীত করার বিষয়টিকে বিশেষজ্ঞরা দেখছেন একটি মোক্ষম পদক্ষেপ হিসেবে। তাদের মতে, পদক্ষেপটি নেয়া হয়েছে বিরোধী দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং নিজ দলীয় জোটের মাঝে একতা বাড়ানোর জন্য।
আগাম জরিপে এগিয়ে আছেন বিজেপি মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দ। তবে ২০ জুলাই ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। এর পরদিনই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।









