বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল শুক্রবার বিকালে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা এই সম্মাননা গ্রহণ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যার গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। রেজওয়ানা চৌধুরী বন্যাকে তিনি জড়িয়ে ধরেন। শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
একই অনুষ্ঠানে সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে বঙ্গবিভূষণ সম্মাননা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ২০১২ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
ছবি : সংগৃহীত









